আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করব। জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন চাহিদা এবং জোগানের বিষয়কে একটা সমানুপাতিক হারে রাখতে পারি। ইতোমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে।
বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, দেশে গত ১৫ বছরে সব খাতে তারা দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে, কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা রূপান্তরিত করতে পারি।