চলতি অর্থবছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। এ ধারা অব্যাহত রয়েছে অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও। নভেম্বরের প্রথম ২৩ দিনে ১৭২ কোটি ৬৪ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ২০ হাজার ৭১৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ ডলারের। প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার বা ৯০০ কোটি টাকার বেশি। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। পরের মাস আগস্টে আসে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, অক্টোবরের ২৪০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।
এছাড়া গত অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। তার আগের মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।