দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত এক সপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে সরবরাহ বৃদ্ধি পেয়ে বন্দর অভ্যন্তরে পাইকারি পর্যায়ে কেজিতে ১০ টাকা দাম কমেছে। আগে প্রতিদিন গড়ে ৩০-৩৫ ট্রাক আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬০-৭০ ট্রাকে।
ব্যবসায়ীরা জানান, ভারতের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে সে দেশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে সে দেশের ব্যবসায়ীরা টন প্রতি ২০-৩০ ডলার কমে রপ্তানি করছেন। সেই সঙ্গে দেশের বাজারে কৃষকের উৎপাদিত পাতা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বন্দরে পাইকারি পর্যায়ে ৭০-৮০ টাকা দরে বিক্রি হতো এখন সেই পেঁয়াজ মানভেদে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কেজিতে পাইকারি পর্যায়ে ১০ টাকা দাম কমলেও খুচরা পর্যায়ে মাত্র ৫ টাকা দাম কমেছে। আগে যে পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হতো তা এখন ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী জানান, দেশের বাজারে দাম সহনীয় রাখতে প্রচুর এলসি (লেটার অব ক্রেডিট) খোলা হয়েছে। আমদানি অব্যাহত থাকলে সপ্তাহ খানেক পরে আরও দাম কমে আসবে।