শ্বশুরবাড়িতে গেছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। প্রথমবার শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির কাছ থেকে দামী উপহার পেয়েছেন এই অভিনেত্রী।
আজ ৭ ডিসেম্বর শনিবার রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়িতে হাজির হয়েছেন শিরিন শিলা, সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও। উপহার হিসেবে শাশুড়ি তাকে দিয়েছেন সোনার এক সেট গয়না। সেই গয়না পরা একটা ছবি ফেসবুকে প্রকাশ করেছেন শিলা।
শিলার শ্বশুরের আদি বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি বলেন, ‘আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়নি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছিল। আগামী বছরের শুরুতে হবে বিবাহোত্তর সংবর্ধনা। আজ আমার শ্বশুরবাড়িতে পরিবারের সবার দাওয়াত ছিল।’
শাশুড়ির প্রশংসা করে শিরিন শিলা বলেন, ‘আজ শাশুড়ি মা আমাকে সোনার এক সেট গয়না দিয়েছেন। কোনো কাজে হাত দিতে দিচ্ছেন না। দুই পরিবারের সবার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলাম, খুব ভালো লাগছে। আমি সবসময় চাইতাম, আমার শাশুড়ি আমাকে খুব আদর করবে। আমি সেই আদর পেতে শুরু করেছি।’