গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার ১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছালেহা আক্তার (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো তিন জন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।