আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য সাংবাদিকদের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘আয়নাঘরে গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে। বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘর) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য গত নভেম্বরে একটা টাস্কফোর্স করা হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, নতুন করে ২৫ থেকে ৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।
বিটিভি ও বাসসের সংবাদ নিয়ে প্রশ্নের জবাবে প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পুরো পৃথিবীতে রাষ্ট্রীয় গণমাধ্যম থাকে, নিউজ এজেন্সি থাকে; এটা ভাইটাল একটা কাজ। স্টেট ব্রডকাস্টের মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের টিভি থাকে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি যদি তুরস্কের দিকে দেখেন, রাশিয়ার দিকে দেখেন, ইন্ডিয়ার দিকে দেখেন, পাকিস্তানের দিকে দেখেন, ইন্দোনেশিয়ার দিকে দেখেন, চায়নার দিকে দেখেন౼এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। স্টেট ব্রডকাস্টের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে।