বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না।
আমরা এগিয়ে যাব। আমাদের ধৈর্য ধরতে হবে। হঠকারী সিদ্ধান্ত না নিই।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারেই আমরা সমর্থন করছি। তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সংকট কেটে যাবে।