প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম চাই : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম তৈরি করতে চায়। এই লক্ষ্যে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।’
সোমবার (৩ মার্চ) ভোরে বাংলাদেশ খেলাফত মজলিস, পবিত্র মক্কা মুকাররমা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহর আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সাহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাবেশে মামুনুল হক বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪-এর চেতনাকে সমুন্নত করতে হবে।
এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।’তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এগিয়ে দিতে হবে।
প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরও স্মরণ রাখতে হবে কোনোক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ-মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সংগঠনের পবিত্র মক্কা মুকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে সাহরি মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মাওলানা ওলি উল্লাহ শাওকী, জনাব জয়নাল আহমদ, জামায়াতে ইসলামী মক্কা মহানগর সভাপতি আহমেদ আব্দুল বাকি, মক্কা মহানগর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা ইসমাইল হোসাইন, মো. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
Copyright © 2026 Total post 24. All rights reserved.