
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপ থেকে রোহিঙ্গা সন্দেহে অন্তত ৭০ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৩০ শিশু রয়েছে। শনিবার থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা সন্দেহভাজন ওই রোহিঙ্গাদের আটকের তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে এলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।

থাইল্যান্ডের ফ্যাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমাকান ফোথিস্রি রয়টার্সকে বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমারের মুসলিম বলে জানিয়েছেন। মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।