
রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজও আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।

এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রিকশাচালকরা একদিকে যখন আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল।
ডিএমপি সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে অটোরিকশা চালকদের একটি গ্রুপ ডিএমপি সদর দপ্তরে এসেছে। দাবি-দাওয়া নিয়ে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করছেন।