
একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে পাপিয়া সারোয়ারের বয়স হয়েছিল ৭২ বছর।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পাপিয়া। কিন্তু শেষরক্ষা হলো না, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই গুণী শিল্পী।
পাপিয়ার মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী সারওয়ার আলম। তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা হবে, এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে।
গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাপিয়া। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভাগ্যের পরিণতিতে স্বামী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।