
সাত সকালেই দুঃসংবাদ! আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার আর নেই! শুক্রবার রাতে ঢাকা–ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল।
ইসমাইল ছিলেন পরীমণির প্রথম স্বামী। তাদের দাম্পত্য জীবনের কোনো খবর খবরের পাতায় তেমন আসেনি। আর কেনই বা আসবে? পরীমণি তখনও নায়িকা বনে যান নি। তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই। যাকে এখন পরীমণি নামে চিনছেন, আদতে তিনি তখন ছিলেন শামসুন্নাহার স্মৃতি!
শামসুন্নাহার স্মৃতির প্রসঙ্গেই আসা যাক। সময়টা ২০১০ সাল। পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারকে বিয়ে করেন এখনকার পরীমণি তথা শামসুন্নাহার স্মৃতি। যদিও সেই সংসার বেশিদিন টেকেনি। দুই বছরের মাথায় ২০১২ সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি।

সময়ের ব্যবধানে তখন পরীমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল বেশ আগে। ১৪ বছর আগের সেই পরীমণি ও এখনকার পরীমণির মাঝে যেন বিস্তর ফারাক।
শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।