
লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও ৫৬ জন। ১২ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৪ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে।
এক বিবৃতিতে লেবানিজ এই মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলি হামলায় গত একদিনে আরও ৫৬ জন আহত হয়েছেন। এর ফলে গত অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ১৩৪ জনে পৌঁছেছে।
গত বছরের অক্টোবরে ফিরিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।