
আইপিএলের মেগা নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। এবারের মেগা নিলামে বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। বলা হচ্ছে, নিলাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন তিনি।
প্রায় ৯ বছর পর দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেন পান্ত। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের দীর্ঘ অনুপস্থিতিতেও তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি তার জার্সিটাও রাখা হয়েছিল দলের স্ট্যান্ডের ওপরে। লম্বা সময় পর সেই দলটাকেই বিদায় বলে দিয়েছেন পান্ত। ২০২৫ আইপিএলের মেগা অকশনে দেখা যাবে তাকে।
জেদ্দায় অনুষ্ঠিতব্য নিলাম টেবিলে সবচেয়ে বেশি নজর থাকতে পারে এই তারকার দিকেই। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলো তাকে কিনতে জোর চেষ্টা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি ঋষভ পান্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছেন। যদি পান্ত এবং পাঞ্জাব কিংসের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তবে তারা তাকে কেনার জন্য কঠোর চেষ্টা করবে, অন্যথায় ঋষভ পান্তের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হয়ে উঠবে। তবে আমি বিশ্বাস করি অন্যান্য দলও পান্তের জন্য বিড করবে। এই মেগা নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হতে চলেছেন ভারতীয় খেলোয়াড়রা।’