
স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের আনন্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা আয়োজন করেছেন ‘মেজবান–ই–ইনকিলাব’। এ উপলক্ষ্যে একটি গরু ও খাসি জবাই করে শিক্ষার্থীরা প্রীতিভোজের ব্যবস্থা করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শিক্ষার্থীরা গরু ও খাসি নিয়ে হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলে ফিরে আসে।
শোভাযাত্রায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা স্লোগান দেন, ‘ভাইগা গেছে স্বৈরাচার, সেই খুশিতে আনছি ষাঁড়,’ ‘গরু-খাসি আনছি তাজা, কামালউদ্দিন জাবির রাজা,’ এবং ‘কালকে খাবো গরু-খাসি, কামালউদ্দিন ভালোবাসি।

শুক্রবার দুপুরে হলে সরেজমিনে দেখা যায়, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক অনন্য মিলনমেলা। আড্ডা, গল্প এবং প্রীতিভোজে মেতে উঠেছেন সবাই। শিক্ষার্থীরা জানান, এটি শুধু একটি ভোজন আয়োজন নয় বরং তাদের ঐক্য ও প্রতিবাদের প্রতীক।
আয়োজকরা বলেন, এটি আমাদের মুক্তির উদযাপন। স্বৈরাচারের পতন শুধু আমাদের জন্য নয়, পুরো জাতির জন্য একটি নতুন সূচনা। আমরা সুন্দরভাবে তা উদযাপন করতে চেয়েছি।