
আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আগে ব্যাট করে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখেশুনে খেলছিলেন দুই আফগান ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনেরই কেউই। উজাইর ৮ রান করে আউট হলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন মাহবুব। তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফয়সাল খান। নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ফয়সাল। ৫৮ রান করেন তিনি। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির। এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫) ।