
অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। ৭ উইকেটের জয়ে যুব টাইগাররা টানা দ্বিতীয় আসরে টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে। এদিন ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করে বাংলাদেশ ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
পরে বিসিবির প্রকাশিত ভিডিওতে তামিম বলেন, ‘আজকে আমরা ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমরা টসে জিতেছিলাম এবং আল্লাহর রহমতে সবকিছুই আমাদের ফেভারে ছিল। আমাদের বোলাররা অনেক ভালো করেছে, বিশেষ করে (ইকবাল হোসেন) ইমন, মারুফ (মৃধা) এবং (আল) ফাহাদ। যারা আছে সবাই অনেক ভালো বল করেছে।’
পরিকল্পনা কাজে লাগিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে বলেও জানান অধিনায়ক, ‘সবার কাছে আমাদের বার্তা ছিল যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো। আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো যাতে এবার ঠিক করতে পারি সেই চেষ্টা করেছি। আমরা আসলে সেটি করে দেখিয়েছি এবং আমি আমার নিজের ইনিংসটা খেলতে পেরে ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি, ভাল লাগতেছে।’