
সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরো কিছু দাবি-দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা।
এমন পরিস্থিতিতে ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরো ছয়টিতে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকরা জানান, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বাৎসরিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা।
শিল্প পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েও অন্তত ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। হাজিরা নিশ্চিত করে বিভিন্ন কারখানায় ১ থেকে ২ ঘণ্টা অবস্থান করে বেরিয়ে যান তারা।
এর আগে, গতকাল বুধবার আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতিতে ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।