
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বেশ অস্থিরতা দেখা যায়। এ অস্থিরতার বাজারে কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে এমারেল্ড অয়েল। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচ দিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৫১ কোটি টাকার ওপরে কমে গেছে।
বিনিয়োগকারীদের বড় অংশই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৫১ কোটি ১১ লাখ ২৩ হাজার ২২২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৫ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩১ টাকা ৪০ পয়সা।
শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।