
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের আগে চলতি মাসেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যার আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি পরবর্তী তিন বছরের জন্য পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে। এরপর নিলাম থেকে আরও কয়েকজনকে নিয়ে গড়বে পূর্ণাঙ্গ স্কোয়াড। রিটেনশনে দল হারিয়েছেন গত আইপিএলের তিন অধিনায়ক। সেই তালিকায় আছেন দুই মৌসুম লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল।
মূলত ভিন্ন কোনো ফ্র্যাঞ্চাইজিতে চাপমুক্ত হয়ে খেলার প্রত্যাশা ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারের। গত আসরেও এক ম্যাচে হারের পর রাহুলের সঙ্গে লখনৌর মালিক সঞ্জীব গোয়েনকাকে উত্তপ্ত বাদানুবাদে জড়াতে দেখা যায়। প্রকাশ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে পরে সমালোচনাও হয়েছিল অনেক। সেই অস্বস্তি যে রাহুলের মধ্যে আছে সেটাই যেন তার কথায় ইঙ্গিত রয়েছে। আসন্ন আইপিএলের লখনৌ ছাড়া প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল স্টার স্পোর্টসের কাছে কেএল রাহুল বলেছেন, ‘আমার লক্ষ্য একেবারে নতুন করে শুরু করা, আমি আমার বিকল্প জায়গা খুঁজে পেতে চাই এবং এমন দলে যুক্ত হওয়ার ইচ্ছা, যেখানে স্বাধীনতা পাব। দলের পরিবেশ হতে হবে স্বস্তিদায়ক, হালকা। কখনও কখনও আপনার ভালোর জন্য কিছু নিজের সময় দরকার এবং আমি টি-টোয়েন্টি (জাতীয়) দলের বাইরে আছি বেশ কিছু সময়।’
এরপরই জাতীয় দলে ফেরার লক্ষ্যের কথা স্বীকার করেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমার প্রধান লক্ষ্য হল ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরে আসা। আইপিএল ২০২৫ আমার জন্য সেই প্ল্যাটফর্ম হতে চলেছে। আমি জানি খেলোয়াড় হিসেবে আমার জায়গা কোথায় এবং নিজের ছন্দ ফিরে পেতে আমাকে কী করতে হবে।’