
ফরিদপুরে নিখোঁজের এক দিন পর একটি বাড়ি থেকে সাত বছর বয়সী এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় গণপিটুনিতে মো. হায়দার মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ ১১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার শিশুটি সরকারি চর নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর গণপিটুনিতে নিহত হায়দার মোল্লা সম্পর্কে শিশুটির চাচাতো দাদা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল। আজ বিকেল ৫টার দিকে হায়দার মোল্লার বাড়ির মাচার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করে এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হায়দারকে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, এর আগেও ধর্ষণের অভিযোগে হায়দার মোল্লা দীর্ঘদিন জেল খেটেছেন। এরপর তিনি মালয়েশিয়া চলে যান। সেখানেও নারী সংক্রান্ত জটিলতায় জেল খাটেন। এরপর মুক্তি পেয়ে গত দু-এক বছর আগে দেশে আসেন।