
দিনাজপুরে চার দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ক্রমশ তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখনও এ অঞ্চলে সূর্যের দেখা মেলেনি।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সর্বত্রই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সেই সঙ্গে বইছে হিমবাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। এমন অবস্থার মধ্যেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন। শীতের পাশাপাশি কুয়াশা বেশি হওয়ায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এতে দূরপাল্লার পরিবহন চলছে ধীর গতিতে।