
ক্যানোলা ও সানফ্লাওয়ার তেল আমদানিতে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এবং মূসক বা ভ্যাট হ্রাস করা হয়েছে। একইসঙ্গে বাজারে সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সয়ন ও পাম তেলের অব্যাহতির মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
১৬ ডিসেম্বর এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আর ক্যানোলা ও সানফ্লাওয়ারের অব্যাহতির মেয়াদও আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে। আসন্ন রমজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অব্যাহতির মেয়াদ বাড়িয়েছেন।
গত ১৫ ডিসেম্বর এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ সই করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে মো. আল-আমিন শেখ বলেন, পবিত্র মাহে রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন ও পাম তেলে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। পরিশোধিত ও অপরিশোধিত এই দুইটি ভোজ্যতেল আমদানিতে অব্যাহতির মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হয়। সেজন্য এই দুইটি তেলের ওপর অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতে বিদ্যমান আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে।
সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ের মূসক ১৫ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। ফলে এসব ভোজ্যতেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক-করাদি অবশিষ্ট রইলো না।