
চলতি অর্থবছরের শুরু জুলাই থেকে ইতিবাচক ধারা ফিরে আসে জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে। অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরেও সে ধারা অব্যাহত ছিল। এ সময়ে মানুষ সঞ্চয়পত্র ভাঙার চেয়ে কিনেছেন বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরের অধিকাংশ সময়েই যেটা নেতিবাচক ধারায় ছিল।
চলতি ২০২৪-২৫ সালের তৃতীয় মাস সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে আগের সুদ-আসল পরিশোধ করেও ৪ হাজার ১০৯ কোটি টাকা ইতিবাচক ছিল। আর চলতি বছরের প্রথম তিন মাসে (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) আগের আসল-সুদ পরিশোধ করেও ৮ হাজার ৩৩২ কোটি টাকা ইতিবাচক দেখা গেছে।

গত ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রির ধারা ছিল নেতিবাচক। ওই সময়ে বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ১৪৭ কোটি ৮৫ লাখ টাকা। একই অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ১ হাজার ২৬৪ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টেও সঞ্চয়পত্র বিক্রি ইতিবাচক ধারায় ছিল। ওই মাসে আগের সুদ-আসল পরিশোধ করেও ২ হাজার ৩৬ কোটি টাকা ইতিবাচক ছিল। এমনকি চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও সঞয়পত্র বিক্রি ছিল ইতিবাচক ধারায়। ওই মাসে আগের সুদ-আসল পরিশোধ করেও ২ হাজার ১৮৭ কোটি ৫৬ লাখ টাকা ইতিবাচক ছিল।