
আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ও বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নোয়াখালীতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। ১৮ নভেম্বর সকালে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফ বলেন, অসাধু ও মুনাফাশিকারি ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। সিন্ডিকেটকারীরা ভোক্তাদের জিম্মি করে আলুর মূল্য বৃদ্ধি করেছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সালাউদ্দিন মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহ সভাপতি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাঈলের কাছে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়।